সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে অনুষ্ঠিত হলো এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন

স্টাফ রিপোর্টার: নগরীতে অনুষ্ঠিত হলো মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন অনুষ্ঠান। শনিবার রাজশাহী নগরীর পদ্মা পাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। আরো অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রপার্টিজ এর চেয়ারম্যান মাসুম সরকার, রাজশাহী যুব ক্রিকেট স্কুল এবং ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীর পরিচালক ও প্রধান কোচ জামিলুর রহমান সাদ ও ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব অব রাজশাহীর অন্যতম প্রধান কর্মকর্তা ওমর শরিফ খান রনক ও সপুরা সিল্ক মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আলী সুমন।
একযুগ পূর্তি হলো এই টুর্নামেন্টের। ১২টি টীম এবারের ১২তম আসরে অংশ নিচ্ছে। মাস্টারস ক্রিকেট কার্নিভাল দেশের প্রথম একটি স্থানীয় ও জাতীয়মানের ক্রিকেট টুর্নামেন্ট। মোট ২৫২ জন ক্রিকেটার ১২টি দলে অকশন ভিত্তিতে রদবদল হবে। দলগুলো হলো, পদ্মা ওয়ারিওরস, রাজশাহী স্ট্রাইকার, রাজশাহী ডাইনামিক, রাজশাহী রয়েলস, রাজশাহী সুপার কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, কিংস্ এলিভেন সিল্ক সিটি, রাজশাহী ঈগলস্, রাজশাহী জায়ান্টস, বরেন্দ্র হিরোস, রাজশাহী রেঞ্জার্স, রাজশাহী এভেঞ্জার্স। ১২টি দলের স্বত্বাধিকার ও প্রতিনিধিরা উক্ত প্লেয়ার অকশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি দলে মোট ২১ জন করে প্লেয়ার নির্বাচিত করা হয়েছে।
রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রপার্টিজ এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বা টাইটেল স্পন্সর হিসেবে অর্থায়ন ও মূল সহযোগিতা প্রদান করছে। এই জনপ্রিয় টুর্নামেন্টটি মূলত রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা স্থানীয় প্রাক্তণ ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত হয়ে থাকে।
প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীর ক্রীড়াপ্রেমি ও প্লেয়ারদের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। খেলাধুলার প্রসার ঘটাতে রাজশাহীতে মোট ২১টি খেলারমাঠ তৈরির উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এমসিসি টিক্রেট টুর্নামেন্টে সকল প্রকার সহোযোগিতা করার আশ্বাস দিয়ে রাসিক প্রশাসক বলেন আমিও এই টুর্ণামেন্টে খেলতে আগ্রহী। আমিও একজন সাবেক ক্রিকেটার। ক্রিকেট খেলা আমার খুব প্রিয়। আমি নিজেও নিয়মিত ক্রিকেট খেলা প্রাকটিস করতাম।
এমসিসি ক্রিকেট টুর্নামেন্টটি রাজশাহী বিভাগ ছাড়িয়ে দেশের অন্যতম একটি ক্রিকেট টুর্নামেন্টে রূপ নিয়েছে। এই টুর্নামেন্টে শুধু দেশ নয়; বিভিন্ন দেশের প্লেয়ারও এখানে খেলে গেছেন। একযুগ পূর্তি উপলক্ষ্যে এবারের আয়োজনটাও হবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে জানান আয়োজকরা।


প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর