, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে নিয়ে এক ব্যক্তিকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ও বিকাশ থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকার সুলতানা (৩৯) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া এলাকার মোঃ আসলাম আলী (৫৫)। বর্তমানে তারা মহানগরীর ওই এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানা তাকে নিজের বাসায় দাওয়াত দেন। পরে বিকেল ৪টার দিকে তিনি ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় যান।
অভিযোগ রয়েছে, বাসায় প্রবেশের পর আগে থেকেই সেখানে অবস্থান করা আরও দুই ব্যক্তির সহায়তায় দরজা বন্ধ করে তাকে জিম্মি করা হয়। এ সময় তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে জখম করা হয় এবং পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগীর নগদ ও বিকাশ হিসাবে মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। পরে এজেন্টের মাধ্যমে সেখান থেকে ২৬ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে পরিবারের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় মামলা করেন তিনি।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সুলতানা ও আসলাম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং নগদ ও বিকাশ হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া সুলতানার দেখানো একটি শপিং ব্যাগ থেকে আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার ও জব্দ করা টাকার পরিমাণ ১ লাখ ৩৪ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসলাম আলীর বিরুদ্ধে পুঠিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।