সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ১০

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন আলী (৪০) নামে একজন নিহত ও আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মিঠুন আলী (৪০) নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত তাবাসসুম পরিবহণের চালকের সহকারি ছিলেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের যাত্রীবাহি বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের আরেকটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মিঠুন ঘটনাস্থলেই নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বাস দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:32 am | সুমন শেখ