সর্বশেষ সংবাদ :

নাঈমের অপরাজিত শতকে বড় সংগ্রহের পথে ঢাকা

স্পোর্টস রিপোর্টারঃ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের প্রথম দিনে রাজশাহী বিভাগের বিরুদ্ধে ঢাকা বিভাগ নাঈম শেখের অনবদ্য অপরাজিত শতকে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে। ঢাকা বিভাগ দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা বিভাগ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নাঈম শেখের দুর্দান্ত অপরাজিত ১৭১ ও মাহিদুল ইসলামের অপরাজিত ৮৪ রানের উপর ভর করে ঢাকা বিভাগ প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। ৩৮৫ মিনিট ক্রিজে থেকে ২৪২ বল মোকাবেলা করে ৪ টি ছয় ও ১৪ টি চারের মারে ১৭১ রান সংগ্রহ করে অপরাজিত আছেন ঢাকা বিভাগের এই উদ্বোধনী ব্যাটার।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন। দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নাঈম শেখ ও আনিসুল ইসলাম।
দলীয় ৩০ রানে সানজামুল ইসলামের বলে উইকেটরক্ষক প্রীতমের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন আনিসুল ইসলাম। এরপর ওয়ানডাউনে নামা শিবলীকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দলের স্কোরে আরও ৪২ রান যোগ করেন নাঈম শেখ।
লাঞ্চের পর দলীয় ৮৮ রানে পায়েলের বলে ওয়াসির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৬ রানে আউট হন আশিকুর রহমান। পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মার্শাল আইয়ুব। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা বিভাগ।
তবে সেই চাপ সামলে দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন ও নাঈম শেখ। দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ২০৫ রানের জুটি গড়ে ওঠে। নাঈম শেখ ২৪২ বলে ১৭১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন ৮৪ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
রাজশাহী বিভাগের বোলারদের মধ্যে পায়েল ৪১ রান দিয়ে ২টি এবং সানজামুল ইসলাম ৬০ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।
দিনের ৮৪তম ওভার শেষে আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:32 am | সুমন শেখ