, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে এক গ্রাম থেকে অন্য গ্রামে নেওয়ার অভিযোগে ৪ জনের জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জবাইকৃত গরুটি উদ্ধার করে এবং পরে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জবাই করা গরুটির অবশিষ্ট মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেয়।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটি ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুটি উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন ও প্রাণিস¤পদ বিভাগকে বিষয়টি জানানো হয়।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরু জবাই করার বিষয়টি জানতে পারে। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা সহকারি কমিশনার আব্দুর রউফ। তিনি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর আওতায় ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল নামের চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গরুটির অবশিষ্ট মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন আদালত।
ক্ষেতলাল উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরুর মাংস খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।