মাহমুদুল্লাহ-নাসিরের ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। মাঝের দিকে ছন্দ হারিয়ে ধাক্কাও খেয়েছিল ইনিংস। তবে শেষদিকে আবু জায়েদ চৌধুরী রাহির ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নস। কিন্তু সেই পুঁজিই শেষ পর্যন্ত ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের কাছে হয়ে গেল মামুলি।
রবি বোপারার ব্যাটে ভর করে ১৭ ওভার ১ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ইংল্যান্ড। বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য পেরিয়ে তারা জিতেছে ৭ উইকেটে, হাতে রেখেছে ২৩ বল। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে আগে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস দ্রুত ফিরে গেলেও অন্য প্রান্তে রনি তালুকদার ছিলেন সাবলীল। ৩৭ বলে ৪৪ রানের ইনিংসে দলের স্কোর এগিয়ে নেন তিনি। তিনে নেমে ফজলে মাহমুদ রাব্বিও দ্রুত ১৬ বলে ২৬ রান যোগ করেন।
জহুরুল ইসলাম ১৮ বলে ১৬ রান করে ফিরলে অবশ্য বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষদিকে আরাফাত সানি ১২ বলে ১৫ রান করে কিছুটা গতি ফেরান। তবে আসল ঝড়টা আসে রাহির ব্যাটে। ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশের স্কোরকে ১৬৪ পর্যন্ত নিয়ে যান রাহি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে এই রানই দাঁড়ায় বাংলাদেশের।
ইংল্যান্ডের হয়ে সামিত প্যাটেল নেন ৪ উইকেট, রায়ান সাইডবটমের শিকার ২ উইকেট। জবাবে শুরুতেই ডেভিড মালানকে ১৮ রানে ফিরিয়ে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছিলেন রাহি। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন বোপারা। জেসন রয় ৯ বলে ১৫ রান করে এনামুল হক জুনিয়রের বলে বোল্ড হলেও তাতে ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি।
সামিত প্যাটেল ১৫ বলে ১২ রান করে ফিরে গেলেও বোপারা তখন ছুটছেন নিজের ফিফটির দিকে। পরে ফিল মাস্টার্ডকে সঙ্গে নিয়ে ম্যাচটাকে বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যান তিনি। বোপারা শেষ পর্যন্ত সেঞ্চুরি পাননি, তবে তাঁর ৪৫ বলে ৭৭ রানের ইনিংসেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। অন্য প্রান্তে মাস্টার্ডের ১৭ বলে ৩৭ রানের ঝড় ইংল্যান্ডকে আরও দ্রুত জয়ের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড চ্যাম্পিয়নস। বাংলাদেশের বোলারদের মধ্যে রাহি, এনামুল হক জুনিয়র ও জিয়াউর রহমান নেন একটি করে উইকেট।


প্রকাশিত: October 7, 2026 | সময়: 6:24 am | সুমন শেখ

আরও খবর