সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’: সেই যুবকের জামিন নামঞ্জুর

সানশাইন ডেস্ক: ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার যুবককে জামিন দেয়নি আদালত।
সোমবার শুনানি নিয়ে মহিবুল্লাহ মুবিন নামে এই যুবকের জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য দিয়েছেন। গেল ৫ সেপ্টেম্বর গ্রেপ্তার মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখে ৭ সেপ্টেম্বর। ওইদিন মুবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। জামিন শুনানির ধার্য দিনে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম জুয়েল।
আইনজীবী বলেন, “আসামি সম্পূর্ণ নির্দোষ। তার মধ্যে নাশকতার করার কোনো অভিপ্রায় ছিল না। তিনি আবেগের বশে প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলার উদ্দেশ্যে গিয়েছিলেন। “তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য মেলেনি। যেকোন শর্তে জামিন প্রার্থনা করছি।” রাষ্ট্রপক্ষ মুবিনের জামিনের বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদেশ দেয় আদালত। ঘট্নার দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে। প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকার প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।


প্রকাশিত: September 15, 2026 | সময়: 4:11 am | সুমন শেখ