, , ।
মেহেদী হাসান, পুঠিয়া: রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর। আর সেই পাথরই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর পুঠিয়ার ব্যস্ততম বানেশ্বর বাজারে। যানবাহনের চাকার আঘাতে ছিটকে আসা পাথরে ভাঙছে দোকানের কাচের দরজা, শোকেস।
শুধু সম্পদের ক্ষতি নয়, যে কোনও মুহূর্তে পথচারী কিংবা ব্যবসায়ীর শরীরে পাথর লেগে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা—এমন আশঙ্কা স্থানীয়দের। গত ৩১ আগস্ট সকালে বানেশ্বর বাজারের হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের কাচের দরজা পাথরের আঘাতে ভেঙে যায়। মুহূর্তেই শোরুমের সামনে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শোরুমের মালিক নেওয়াজ শরিফ পাপ্পু বলেন, সড়কের ওপর পড়ে থাকা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসে শোরুমের কাচের দরজায় লাগে। তাতেই কাচ ভেঙে যায়। তাঁর কথায়, ‘দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থার কারণে আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি। কখন পাথর ছিটকে এসে দোকানের কাচ ভেঙে দেয়, কখন শরীরে এসে লাগে—কিছুই বলা যায় না।’
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় পিচ উঠে বিভিন্ন জায়গায় পাথর বেরিয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেগুলো চাকার নিচ থেকে ছিটকে আশপাশের দোকানপাটে গিয়ে পড়ছে। ফলে একদিকে যেমন দোকানের কাচ ও শোকেস ভাঙছে, অন্যদিকে ক্রেতা ও পথচারীদেরও ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী জাহীদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দোকানে বসে ব্যবসা করব, নাকি কখন পাথর ছিটকে এসে কাচ ভাঙবে কিংবা শরীরে লাগবে, সেই আতঙ্কে থাকব—বুঝতে পারছি না।’
ব্যবসায়ীদের অভিযোগ, মাঝেমধ্যে সংস্কারের নামে দায়সারা কাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। কিছুদিন যেতে না যেতেই ফের উঠে যাচ্ছে পিচ, বেরিয়ে পড়ছে পাথর। তাঁদের দাবি, সাময়িকভাবে পাথর সরিয়ে বা জোড়াতালি দিয়ে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন স্থায়ী ও টেকসই সংস্কার।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ বলেন, দীর্ঘদিনের বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ করতে পারছেন না। রাস্তা বেশি খারাপ হয়ে পড়ায় কয়েক দফা সংস্কার করা হয়েছে। আবহাওয়া ভালো হলেই ঠিকাদাররা কাজ শুরু করবেন।
রাজশাহী-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বানেশ্বর বাজার। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহনের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করেন। ফলে সড়কের বেহাল দশা শুধু ব্যবসায়ীদের সম্পদের জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে কাচ ভাঙার ঘটনা আরও বাড়তে পারে। একই সঙ্গে ছিটকে আসা পাথরে যে কোনও সময় গুরুতর আহত হতে পারেন পথচারী বা ব্যবসায়ী। তাই দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ী ও টেকসই সংস্কারের মাধ্যমে বানেশ্বর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।