সর্বশেষ সংবাদ :

পবার পারিলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রোল বোমা দুটি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়ে। বোমা দুটি ব্যাংকের জানালায় আছড়ে পড়ে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর