সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন সহ মুশফিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। ১১ আগস্ট মঙ্গলবার সকালে গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর মোড় হামিদ ওয়েল্ডিং থাই এন্ড এস এস’ দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মুশফিকুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী গোদাগাড়ীর দিয়াড় মানিক চক এলাকার তারেক আজীজ (২৩) কৌশলে পালিয়ে যায়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়ার্টার্স ইন্ট উইং-এর সহযোগিতায় র‌্যাব-৫, সিপিসিএস-এর একটি দল জানতে পারে যে গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে এক বা একাধিক ব্যক্তি রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুশফিকুর রহমানকে আটক করা হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন বহনের কথা স্বীকার করে এবং তার ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:01 am | সুমন শেখ