, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিশিষ্ট সমাজসেবক, সফল প্রথম শ্রেণীর ঠিকাদার ও গণমাধ্যম উদ্যোক্তা মরহুম মাসুদ রানা সুইট-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৬০ সালের ২ জুন রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সিপাইপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত ও বীর মুক্তিযোদ্ধা পরিবারে তাঁর জন্ম। ২০২৫ সালের ৭ আগস্ট আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মাসুদ রানা সুইটের পরিবার মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। তাঁর পিতা ছিলেন একজন প্রাক্তন সিএসপি কর্মকর্তা, যিনি ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন। একই সময়ে তাঁর আরও দুই ভাইও পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদাতবরণ করেন। শহীদ পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি আজীবন দেশপ্রেম, মানবসেবা ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন।
কর্মজীবনে তিনি ‘এম এস মাসুদ রানা বিল্ডার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। সড়ক ও জনপথ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রথম শ্রেণীর তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একজন সফল আমদানিকারক, সরবরাহকারী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য ছিলেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের সরকারি ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করেন।
গণমাধ্যমের প্রতিও তাঁর ছিল গভীর অনুরাগ। ১৯৯৬ সালে বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁদনী বাজার’ পত্রিকায় রাজশাহীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ২৪ ঘণ্টা, দৈনিক স্বপ্নের বাংলাদেশ এবং সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে গ্রীন সিটি প্রেস ক্লাব।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সন্তান আবুল হাসনাত অমি বলেন, “৭ আগস্ট আমাদের পরিবারের জন্য সবচেয়ে বেদনাবিধুর দিন। বাবা শুধু আমাদের অভিভাবকই ছিলেন না, ছিলেন সততা, আদর্শ ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। আমরা সকলের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।”
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর পরিবারের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও গণমানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুম মাসুদ রানা সুইটের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।