, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ করা হয়।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থায়িত উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৬ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছেন। এর অংশ হিসেবে প্রতিবছর ৫ কোটি করে গাছ লাগানো হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের ফলে রোগীদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।