সর্বশেষ সংবাদ :

প্রার্থী ঘোষণা দিতেই মৎস্যজীবি দল নেতাকে নিয়ে সাইবার বুলিং

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্যজীবী দলের গোদাগাড়ী পৌর শাখার সভাপতি সফিকুল ইসলাম ওরফে বেলাল বুশ। এরপর থেকেই সাইবার বুলিং ও অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সফিকুল ইসলাম দাবি করেন, নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশের পর একটি মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা কয়েকটি অনিবন্ধিত ভুঁইফোড় অনলাইন পোর্টালে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করছে। তাঁর ভাষ্য, এসব প্রতিবেদনে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রতিবাদ দিয়েছি এবং এবং গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম ওরফে বেলাল বুশ দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। দলের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকান্ডে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজনে কাজ করে আসছেন বলেও তাঁর সমর্থকদের দাবি।
সফিকুল ইসলাম পেশায় একজন মৎস্য চাষী। গোদাগাড়ীর রেলওয়ে বাজারে ‘ভাই ভাই মৎস্য আড়ৎ’ নামে তাঁর মাছের আড়ত আছে। তাঁর বড় ছেলে স্বপন ১২ বছর প্রবাসে ছিলেন। তিনিও মৎস্য আড়ত দেখাশোনা করেন। আরেক ছেলে হাসান মৎস্য খামার দেখাশোনা করে। কিন্তু তাদের জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে।
তাঁর সমর্থকরা বলছেন, বিগত ১৭ বছরে বিভিন্নভাবে পুলিশের হয়রানির শিকার হয়েছেন সফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। এ জন্য একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
এ বিষয়ে গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘বেলাল দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত। রেলওয়ে বাজারে তার মাছের আড়ৎও আছে। দীর্ঘ দিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মাদক তো দূরের কথা, আমার জানামতে তিনি অবৈধ কাজের সঙ্গে নেই।’
সফিকুল ইসলামের কোনো মাদক সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তাঁর প্রতিবেশী হোমিও চিকিৎসক আল-আমিন বলেন, ‘না, না। এগুলো ভিত্তিহীন কথাবার্তা। তাঁর ছেলেরাও এসবের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা পুকুর দেখাশোনা করেন। মাছের আড়ৎ চালান। এখন শুনছি তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ জন্য এসব ছড়ানো হতে পারে।’
জানতে চাইলে সফিকুল ইসলাম বেলাল বুশ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মৎস্যজীবী দলের রাজনীতির সঙ্গে জড়িত। জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হন।’
নির্বাচিত হলে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি। এসব অপপ্রচার চালিয়েও খুব একটা লাভ হবে না। আমি একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:29 am | সুমন শেখ

আরও খবর