, , ।
অহিদুল হক, বড়াইগ্রাম: মোবাইল অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীর বাড়িতে ছুটে এসেছেন চীনা নাগরিক সুবেজ। তিনি বর্তমানে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চর ভবানীপুর ভাটোপাড়া গ্রামে তার বন্ধু সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে অবস্থান করছেন। সাদিয়া ওই গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুবেজ। বিমানবন্দর থেকে সাদিয়ার স্বজনরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকরা ওই বাড়িতে গেলে চীনা নাগরিক ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি। এমনকি তার পাসপোর্টটি দেখতে চাইলে তিনি তাতেও রাজি হননি। এদিকে, চীনা নাগরিকের আগমণের খবর পেয়ে সকাল থেকে শত শত নারী-পুরুষ সাদ্দাম হোসেনের বাড়িতে ভীড় করছেন।
জানা যায়, সাদিয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা নাগরিকের সাথে সাদিয়ার পরিচয় হয়। এরপর থেকেই তাদের কথোপকথন ও বন্ধুত্বের সূত্রপাত।
সাদিয়া জানান, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব, অন্য কিছু নেই। তবে আমারও যেমন তাকে ভালো লাগে, সেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি নিজেই আমাদের বাড়িতে আসতে চান। তখন আমার অতোটা বিশ্বাস হয়নি। পরে ভিসা-পাসপোর্ট দেখালে বিষয়টি আমি বাবা-মাকে জানাই। তারাও সম্মতি দিলে তিনি বাংলাদেশে এসেছেন।
তিনি আসার সময় একটি স্মার্ট ফোন ও চকলেট সহ বিভিন্ন উপহার সামগ্রী এনেছেন। গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে ইতোমধ্যেই তার বেশ সখ্য গড়ে উঠেছে। বাংলাদেশে এসে স্থানীয় খাবার, বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুব পছন্দ হয়েছে।
চীনা নাগরিক সুবেজ বলেন, আমি বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছি। তবে আমার বন্ধুর বাবা-মা যদি চায়, তাহলে আমি চলে যাবো। আর আমি চাই সাংবাদিকরা চলে যাক। আমি তাদের সাথে কথা বলতে চাই না।
সাদিয়ার পিতা সাদ্দাম হোসেন জানান, আমার মেয়ে আমাকে জানানোর পর আমি তাকে আসতে বলেছি। সে আমার মেয়ের বন্ধু। সে আমার বাড়িতে এসেছে, এতে আমি খুশী। একজন মেহমান হিসাবে সে থাকবে, বেড়াবে-চলে যাবে। অন্য কোন বিষয় নেই এর মধ্যে।
জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, বন্ধুত্বের টানে আমাদের ভবানীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে একজন চীনা নাগরিক এসেছে। আমাদের এলাকা ঘুরে দেখছে। একজন মানুষের প্রতি আরেকজনের ভালবাসা ও বন্ধুত্ব সৃষ্টি হলে দুরদেশ থেকেও দেখা করতে আসতে পারে এই চীনা নাগরিক তার উদাহরণ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বন্ধুর আমন্ত্রণে চীনা নাগরিকের আসার খবর পেয়েছি। আমরা খবর রাখছি, তার নিরাপত্তাহীনতার কোন কারণ নেই। তবু যদি তারা চায়, তাহলে তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।