সর্বশেষ সংবাদ :

তৈরী হচ্ছে বিদেশের শীতের পোশাক: ফেলে দেওয়া হাঁসের পালকে খুলেছে আয়ের নতুন দুয়ার

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর: একসময় হাঁসের পালক ছিল মানুষের কাছে নিছক ফেলনা। হাঁস জবাইয়ের পর পালকগুলো ফেলে দেওয়া হতো। সেই অবহেলিত পালকই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা পালক প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ডাউন বা পালকের তুলা। তা দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট, কম্বল ও বালিশ (পিলো)। বড় পালক দিয়ে তৈরি হচ্ছে ব্যাডমিন্টনের ফেদার শাটলকর্ক।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে গড়ে উঠেছে ‘সারাবাংলা ডাউন প্রোডাক্টস’ নামের একটি হাঁসের পালক প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান এসব পালক প্রক্রিয়াজাত করে রপ্তানি করছে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে।
দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ২২ টন কাঁচা হাঁসের পালক সংগ্রহ করে। পরে বিশেষায়িত যন্ত্রের সাহায্যে পালক বাছাই, পরিষ্কার ও কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ডাউন ও ফেদার। উদ্যোক্তার দাবি, বিদেশে এসব পণ্যের চাহিদা থাকায় এ খাতে বড় শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা মো. আলতাফ হোসেনের কথা বলে জানা গেছে, বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। সারাদেশে তাঁদের ৩৫ থেকে ৪০টি ভেন্ডার রয়েছে। তাঁদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে হাঁসের পালক সংগ্রহ করা হয়। পরে চীন থেকে আনা বিশেষায়িত যন্ত্রে কয়েকটি ধাপে সেগুলো প্রক্রিয়াজাত করা হয়।
তিনি জানান, ২০১৪-১৫ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। তবে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তখন প্রত্যাশিত সাফল্য পাননি। পরে ২০১৫ সালে চীনে গিয়ে এ বিষয়ে পড়াশোনা করেন এবং এক বছর ইন্টার্নশিপ করেন। সেখানে হাঁসের পালক সংগ্রহ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২২ সালে নতুনভাবে ব্যবসা শুরু করেন তিনি।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলতাফ হোসেন জানান, পূর্ণাঙ্গ প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে আরও ১০ থেকে ১৫ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। সেটি করা গেলে হাঁসের পালকের তুলা দিয়ে দেশেই জ্যাকেট, বালিশ ও কম্বল তৈরি করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে এসব পণ্যের চাহিদা বেশি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবকাঠামো ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ খাত সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ ছাড়া হাঁসের বড় পালক প্রক্রিয়াজাত করে ব্যাডমিন্টনের ফেদার শাটলকর্ক তৈরির কাঁচামাল হিসেবে ভারতে পাঠানো হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে পালক প্রক্রিয়াজাতের কাজও বেশ কয়েকটি ধাপে করা হয়। প্রথমে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কাঁচা পালক শুকানো হয়। এরপর যন্ত্রের সাহায্যে বাছাই ও পরিষ্কার করা হয়। প্রয়োজন অনুযায়ী পালকের বিভিন্ন অংশ আলাদা করে ডাউন ও ফেদার প্রস্তুত করা হয়। পরে সেগুলো আবার শুকিয়ে রপ্তানির উপযোগী করা হয়।
এদিকে পালকের আর্থিক মূল্য তৈরি হওয়ায় গ্রামাঞ্চলের অনেকেই এখন সেগুলো সংরক্ষণ করে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এতে হাঁস পালনের সঙ্গে যুক্ত মানুষ বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া একটি উপাদানও যুক্ত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে ১৬ জন কর্মী নিয়মিত কাজ করছেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। কর্মসংস্থানের পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানের নারী কর্মী মিমি আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। এখান থেকে যে বেতন পাই, তা দিয়ে সংসার চলছে। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও চালাতে পারছি।’
সোহেল রানা নামের পুরুষ কর্মী বলেন, ‘সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করে এখানে আনা হয়। প্রথমে সেগুলো শুকিয়ে যন্ত্রের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়। এরপর প্রয়োজনীয় অংশ আলাদা করে আবার শুকানো হয়। তাঁর বাবা আগে এ কাজ করতেন। পরে বাবার সঙ্গে তিনিও এ কাজে যুক্ত হন।’
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আগে হাঁসের পালক ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এখন পালক জমিয়ে রাখলে বিক্রি করা যায়। প্রতি কেজি পালক ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁস জবাইয়ের পর পালকগুলো সংরক্ষণ করে বিক্রি করে বাড়তি কিছু টাকা পাওয়া যায়। এতে আমাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হয়েছে।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা আলতাফ হোসেন বলেন, আগে মানুষ হাঁসের পালক ফেলে দিতেন। ব্যবসা শুরুর পর বিভিন্নভাবে প্রচার চালিয়ে পালকের আর্থিক মূল্য সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। এখন অনেকেই পালক ফেলে না দিয়ে জমিয়ে রাখেন এবং বিক্রি করেন। শুরুতে পালক প্রক্রিয়াজাত করতে অনেক সময় লাগত। পরে চীন থেকে বিশেষায়িত যন্ত্র আনার পর কাজের গতি ও প্রক্রিয়াজাতকরণের মান বেড়েছে। বর্তমানে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানে এসব পণ্য পাঠানো হচ্ছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।
জয়পুরহাট বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, হাঁসের পালক বাণিজ্যিকভাবে ব্যবহার করায় হাঁস পালনের সঙ্গে যুক্ত মানুষ বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। এতে হাঁস পালনে আগ্রহও বাড়তে পারে। এ ধরনের উদ্যোগের অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। শিল্পটি সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর