সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে চেকপোস্টে পাওয়া গেল নিখোঁজ কিশোরীকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
শুক্রবার ভোররাত আনুমানিক সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্ট ডিউটিরত পুলিশ সদস্যরা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করেন। এ সময় অটোরিকশায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদে কিশোরী জানায় সে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে, যুবক নিজেকে শ্রী দূর্জয় কর্মকার (২২) বলে পরিচয় দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের শ্রী স্বপন কর্মকারের ছেলে বলে জানান।
পুলিশ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারে, কিশোরী গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিকটিম। বিষয়টি গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন।
পরবর্তীতে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে কিশোরী ও তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডির ভিত্তিতে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ