বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: যশোরের মনিরামপুরে ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার এসআই রেজাউল ইসলাম। নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, ঘটনাস্থল মনিরামপুর থানা এলাকায় হলেও নিহত ও অভিযুক্তরা কয়েক গজ দূরে ঝিকরগাছা থানা এলাকার বাসিন্দা এবং তারা প্রতিবেশী।
স্বজনদের বরাতে এসআই রেজাউল বলেন, ইমামুল হোসেনের বোনের মেয়েকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ঘটনার দিন রাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে ওই যুবকরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র, দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ বলেন, “নিহতের পিঠের ডান পাশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ রাতে যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।