সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ঘটনা সূত্রে জানা যায়, ০২ জুন দুপুরে মধ্যে শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
উক্ত ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহ মখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আসামিদের পরিচয় শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এজাহারনামীয় ৭নং আসামি শিমুল ওরফে রাকেশ (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর (নদীর ধার) এলাকার মাসুদ রানার ছেলে।
উল্লেখ্য, একই মামলায় এর আগে রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে শাহমখদুম থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।