বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের দ্বিতীয় পর্যায়। আজ শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত ‘নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড’ প্রকল্পের আওতায় দেশের ২১টি উপজেলার ২১টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ৬৬৯টি পরিবার এই কার্ডের আওতায় আসছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ফ্যামিলি কার্ডে কিউআর কোড, এনএফসি এবং স্পর্শবিহীন চিপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরিবারে মা বা নারী প্রধানের নামে ইস্যুকৃত এই কার্ডে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবার সঙ্গে সমন্বয় করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন মাঠে স্থানীয়ভাবে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে।
বেলা আড়াইটার সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ফ্যামিলি কার্ডের সঙ্গে ধাপে ধাপে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সংযুক্ত করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এটিকে একটি সর্বজনীন ‘সোশাল আইডি কার্ড’-এ রূপান্তর করা হবে।
প্রথম ধাপে আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।