বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। সে ধারাবাহিকতায় রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীনের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার ৩ নভেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেন।
রাজশাহী-১ আসনটি এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আর এ আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে শরীফের ওপরই আস্থা রেখেছে দলটি।
মেজর (অবঃ) শরীফ উদ্দীন কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তিনি দলের চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও বর্তমানে উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
নিজ এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত রাখতে এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে। তার এ স্বচ্ছ ভাবমূর্তি এবং দলের প্রতি অবিচল আনুগত্যকেই তার মনোনয়নের প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
শরীফ উদ্দীন বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ীর অন্যতম সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের একজন সদস্য। তার ভাই বিএনপির বর্ষীয়ান নেতা, বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম ব্যরিষ্টার আমিনুল হক। ৯ ভাই-বোনদের মধ্যে শরীফ উদ্দিন অষ্টম তার অন্যান্য ভাই-বোনদের মধ্যে বড়ভাই ড.এম এনামুল হক পুলিশের সাবেক আইজিপি, ব্যারিষ্টার আমিনুল হক, ড. এম রেজাউল হক (ভদু) প্রফেসর ও গবেষক, প্রয়াত প্রকৌশলী ড. এম আসাদুজ্জামান বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের সাবেক চেয়ারম্যান, এম আক্তারুজ্জামান (টুনু) সাবেক মহাব্যাবস্থাপক বাংলাদেশ ব্যাংক, ডা. আশরাফ উদ্দিন বর্তমানে আমেরিকায়, অবঃ প্রফেসর সোফিয়া খাতুন ইডেন মহিলা কলেজ, মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, ডা. ফরিদ উদ্দিন বর্তমানে ফিলিপাইনে কর্মরত।
ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী -১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি প্রযত হন। তিনি বিএনপি সরকারের আমলে দেশের সংস্থাপন মন্ত্রণালয় এবং পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।