বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: শ্বশুর বাড়িতে এসে আর দাওয়াত খাওয়া হলো না ভবানীগঞ্জ সরকারি কলেজের মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার (৫৫)। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতি পাড়া মহল্লায় মৃত মনছুরের বাড়িতে স্বপরিবার দাওয়াত খেতে আসেন গোলাম মোস্তফা। মনছুর গোলাম মোস্তফার শ্বশুর। গোলাম মোস্তফার এই অকাল মৃত্যুতে তার কলেজে সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফার নিজ গ্রাম ভবানীগঞ্জের পাশ্ববর্তী বালানগর গ্রাম থেকে স্বপরিবারে দাওয়াত খেতে আসেন গোলাম মোস্তফা। এ সময় জামাই আগমন উপলক্ষে ব্যাপক রান্নাবান্না চলছিল। চুলায় গরুর গোসত রান্না হচ্ছিল। গোলাম মোস্তফা ওই গরুর গোসত খেতে চাইলে তাকে কয়েক টুকরো গোসত তুলে দেওয়া হয়। তিনি গোসত খাওয়া শুরু করেন। এ সময় এক টুকরো গোসত তার গলার আটকে যায়। গোলাম মোস্তফা কাসতে কাসতে এক পর্যায়ে দম বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে যান।
বৃহস্পতিবার বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। শিক্ষক গোলাম মোস্তফার অকাল মৃত্যুতে ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন সহ সকল শিক্ষক ও কর্মচারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পারিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।