নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে: মিনু

স্টাফ রিপোর্টার :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নেতত্বের অধিকারী। তার নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ সক্রিয় ছিল তেমনি বাংলাদেশেরও ব্যাপক উন্নয়ন হয়েছিল। শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা।

আজ শনিবার দুপুর পৌণে ১টার দিকে নগরের রাইফেল ক্লাবে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী। ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল অনেক। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি আগামী দিনে ভালো ভালো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজকে মাদক থেকে রক্ষার জন্য কাজ করবেন।

তিনি আরো বলেন, বিগত স্বৈরাচার হাসিনা বাংলাদেশর বিরোধী নেতাকর্মীসহ সকল মানুষকে নির্মম নির্যাতন করেছিল। তার হাত থেকে কেউ রেহাই পানি। এখন তিনি তার ফল ভোগ করছে। ভালো ব্যবহার ও মানুষের পাশে থেকে মন জয় করতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ করবেনা ও প্রশ্রয় দেবে না। যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকবে বিএনপিতে তাদের দরকার নেই। সবাইকে তিনি দল ও দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে থাকতে হবে। যেভাবে বিগত সময় স্বৈরাচাররা রাজনীতি করে গেছে সেই রাজনীতি আর চলবে না। তাই খুব সাবধান। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। তাছাড়া দল করা সম্ভব নয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির সভাপতি মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল হক ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, সাবেক যুগ্ম আহবায়ক আসলাম সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির সদস্যদের খেলাধুলার প্রসারে কাজ করার আহবান জানানো হয়।

সোহরাব /শামি


প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine