সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশেই মালেক মণ্ডলের মালিকানাধীন এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের লাশও উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


প্রকাশিত: September 18, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ