নগরীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় নগররের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
বক্তারা বলেন, গত ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রূপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাসকে (৩৫) মিথ্যা চুরির অভিযোগে গণপিটুনির মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রাম ও তানোর উপজেলার শিমুলতলা গ্রামে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, বারবার আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে গড়িমশি করা হয়। এ ধরনের ঘটনা রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, সমাজকর্মী আফজাল হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ।


প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫ | সময়: ২:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ