সর্বশেষ সংবাদ :

শিরোপা উৎসবে প্রাণ গেল সমর্থকের, শোকস্তব্ধ আলজেরিয়া ফুটবল

স্পোর্টস ডেস্ক: লিগ শিরোপা উদযাপন রূপ নিল ট্র্যাজেডিতে। আলজেরিয়ায় প্রিয় দলের জয়ে গ্যালারিতে নেমেছিল উৎসবের জোয়ার, কিন্তু সেই আনন্দই কেড়ে নিল এক তরুণ সমর্থকের প্রাণ।
এমসি আলজারের দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের পর রাজধানীর ৫ জুলাই স্টেডিয়ামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
গ্যালারির ওপরের অংশ থেকে পড়ে মৃত্যু হয় ইয়োনেস নামের এক দর্শকের। দুর্ঘটনায় আরও অনেকে আহত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্ট্যান্ডের উপরের বেষ্টনী ভেঙে গেলে অনেকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশ স্তব্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সমর্থকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এমসি আলজার ক্লাব কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমনকী, ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারাও আহতদের রক্ত দিতে ছুটে যান হাসপাতালে।
মর্মান্তিক ঘটনার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ক্লাব সভাপতি এক বিবৃতিতে নিহত ইয়োনেসের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


প্রকাশিত: June 23, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ