চাঁ’নবাবগঞ্জে শুরু হবে পর্যটন কেন্দ্রের কাজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মোকাম্মেল হোসেন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে বাস্তবায়নাধীন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ আগামী সেপ্টম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু করা হবে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ‘শেখ হাসিনা সেতু’ সংলগ্ন এলাকায় বাস্তবায়নাধীন পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে এ কথা জানান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ‘শেখ হাসিনা’ সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ অন্যরা।
পরিদর্শনকালে সচিব মোকাম্মেল হোসেন চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় সংসদ সদস্য আব্দুল ওদুদ পর্য়টন কেন্দ্রটি সম্পর্কে সচিবকে অবহিত করেন।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়, হোটেল কমপ্লেক্স, বিনোদন ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন ও খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হবে চাঁপাইনবাবগঞ্জ। ২০১৮ সালের জুলাইয়ে শুরু করে শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। তবে এখনও শুরু হয়নি প্রকল্পটির অবকাঠামো নির্মাণকাজ। কয়েক বছরে শুধু সীমানা প্রাচীর নির্মাণ হয়েছে, চলছে ভূমি উন্নয়নের কাজ। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় বাড়ছে ব্যয়। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি টাকায়।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ