বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে। ফলে আমদানি রফতানি কার্যক্রম ও বন্ধ থাকবে। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানী রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী সোমবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে, সেহেতু ১৫ জুন শনিবার থেকে ২২ জুন শনিবার পর্যন্ত মোট ৮ দিন সোনামসজিদ শুল্ক স্থলবন্দরের সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২২ জুন শনিবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। তবে ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।