, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকা থেকে একটি চোরাই ট্রাক্টরসহ চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত বুধবার রাতে জেলার সিংড়া উপজেলার গলগলিয়া বাজারের রফিকুল ইসলামের দোকানের পাশে রাখা একটি সোনালিকা ট্রাক্টর চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ ব্যাপারে ট্রাক্টর মালিক সিংড়ার শোলাকুড়া গ্রামের সোহাগ হোসেনের লিখিত অভিযোগ পেয়ে র্যাব অনুসন্ধানে নামে। পরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাগডোব এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয় ও চোর চক্রের সদস্য সিংড়ার দেবউত্তর গ্রামের মতিউর রহমান (২৩), বিগোগুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), কৃষ্ণনগরের সাকিব হোসেন (২০), গুরুদাপুরের কুমারখালি গ্রামের রাকিবুল ইসলাম (২৪), নাজিরপুরের সোলায়মান আলী (২৬) ও আরিফুল ইসলামকে (২৫) আটক করা হয়।