, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর ভারতীয় সীমান্তসংলগ্ন চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহজামাল (৫০) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকে উপজেলার পদ্মা নদীর অভ্যন্তরে আতারপাড়া, চৌমাদিয়া ও লক্ষ্মীনগর মৌজায় টাস্কফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শাহজামালকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সল তালুকদার এ অর্থদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহজামাল উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের প্রায় ৪০ সদস্যের একটি দল অংশ নেন।
নুরুজ্জামান /শাহজাদা