সর্বশেষ সংবাদ :

পিতাকেও নেয়া হয়েছে ডিবি হেফাজতে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে খারাপ মন্তব্যকারী যুবক আটক

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি যে সেই যুবককে আটক করা হয়েছে। সে এখন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে আটক করা হয়। আবু বক্করের বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে। বাবার নাম আয়নাল হক। তাকেও ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রাজশাহী সফর করেন। তাঁর সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এই পোস্টে বাজে মন্তব্য করেন আবু বক্কর। তাঁর পরিচয় শনাক্ত করতে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে। পরিচয় শনাক্তের পর এসআরবির সদস্যরা তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাবা জানান, আবু বক্কর তাঁর মামার বাড়িতে আছেন।
ঘটনার জেরে বুধবার (২১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন।
এলাকায় গিয়ে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর সিদ্দিক। তিনি এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজা উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। পরে একই বাসে করে নগরী থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফেরেন তিনি।
রুয়েটের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?’
পোস্টটির মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।
মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।’


প্রকাশিত: October 23, 2026 | সময়: 5:34 am | সুমন শেখ