সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেশীয় অস্ত্র শানানোর ভিডিও ভাইরাল

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তার কয়েকজন সহযোগীর দেশীয় অস্ত্রে শান দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়া সহ বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ঘরে বসে হাসুয়া রামদা ও ছুরি ধার (শান) দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের এ ভিডিওতে উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাব্বাব হক সাবু সহ তার কয়েকজন সহযোগীকে এসব অস্ত্র ধার দেয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। গত দুই দিনে শ’ শ’ শেয়ার হলে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার কুমারখালি গ্রামের মাহফুজ আলম, চৌমুহন গ্রামের রাহিম হোসেন ও সোহান হোসেন এবং চাটমোহর উপজেলার সন্ধবা গ্রামের কিরণ হোসেনের হাতে একটি করে বড় আকারের রামদা এবং চৌমুহন গ্রামের ফরহাদ হোসেনের ছেলে সাব্বাব হক সাবুর হাতে একটি বড় ছুরি রয়েছে। তারা সবাই নিজ নিজ হাতে থাকা অস্ত্রগুলো ধার দিচ্ছেন। এছাড়া তাদের পেছনে খাটের উপরে কয়েকটি হকিস্টিকও দেখা যায়। সেখানে থাকা অপর চারজন সাব্বাব হক সাবু’র বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।
ঘটনার পর থেকে সাব্বাব হক সাবু পলাতক থাকাসহ মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে সাবু’র জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে তাকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে এ ভিডিও ছড়ানো হচ্ছে বলে তার পিতা ফরহাদ হোসেন দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, ভিডিওটি আমিও দেখেছি। সে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও আমার জানা মতে বিএনপি বা কোন অঙ্গসংগঠনে তার কোন পদ-পদবী নাই।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ