, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে হঠাৎ বিষক্রিয়ায় মরা ও দুর্বল মাছ সংগ্রহে সাধারণ মানুষের ভীড় জমে উঠেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উপজেলার পৌর এলাকায় বারনই নদীর ধারে এমন ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বারনই নদীর পানিতে ভেসে ওঠে টেংরা, বোয়াল, পুটি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। এসব মরা ও দুর্বল মাছ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার মানুষ মাছ সংগ্রহ করতে ছুটে আসে। কেউ হাতজাল আবার কেউবা খালি হাতে বিভিন্ন উপায়ে মাছ ধরছে। এমন ঘটনা এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এবিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, বারনই নদীতে বিষক্রিয়ায় মাছ ভেসে ওঠার খবর পেয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহীর নওহাটায় শিল্প কলকারখানার দুষিত বর্জ পদার্থ নদীর পানিতে মিশে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।
এছাড়াও নদীর পানিতে অতিরিক্ত পাট জাগ দেওয়ায় এবং কয়েকদিনের অতি বৃষ্টিতে পাট পচে গিয়ে বিষক্রিয়ায় মরা ও দুর্বল মাছ ভেসে উঠতে পারে। তবে উর্ধতন কর্মকর্তাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।