সর্বশেষ সংবাদ :

যেন রাস্তা নয় কাঁদার ভাগাড়, কাজ শুরু হলেও ধীরগতির অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি সড়কের বেহাল দশা ও ধীরগতির কাজের কারণে স্থানীয় মানুষের দৈনিক যাতায়াত ও বিল হতে জমির কৃষি পণ্য বাসায় তুলতে ব্যাপক সমস্যায় পড়েছেন। বর্তমান সময়ে পাটের মৌসুম হওয়ায় আরো বিপাকে পড়েছেন কৃষকরা। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাদামাটি যুক্ত হয়ে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় তেলিপাড়া ও এর আশেপাশের গ্রামবাসীদের দুঃখ দুর্দশা চরমে।
বর্তমানে নতুন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সহায়তায় পাকা করনের কাজ শুরু হয়। কিন্তু সেই রাস্তায় পুকুরের পাশ দিয়ে কিছু ওয়ালের কাজ করার পর দেড় মাস যাবত বন্ধ আছে মূল রাস্তা পাকাকরণ কাজ। কাজের ধীরগতিতে চরম দুর্ভোগে এলাকাবাসী। তুলতে পারছেন না বিল থেকে পাট। কাজে ধীরগতির কারণে স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। কাদা মাটিতে ভরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও কৃষকদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদার ভাগাড়ে পরিণত হয়। ভ্যান ও নসিমন চালকেরা ওই রাস্তায় গাড়ি চালাতে অস্বীকৃতি জানাচ্ছেন।
রাস্তাটির এমন জরাজীর্ণ অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসাধীন রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম বেগ পেতে হয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও কিছুদিন পর তা মাঝপথে ফেলে রেখে পরে করবেন বলে চলে যায়। তেলিপাড়া গ্রামের একাধিক ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ অনতিবিলম্বে ওই রাস্তাটির কাজ শেষ করার জন্য দাবি জানান। পাশাপাশি ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ কামনাও করেছেন স্থানীয় এলাকাবাসীরা।
এসব বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহাগ আলী বলেন, বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে।
পুঠিয়া উপজেলা প্রকৌশলী মুসলেহা ইসলাম বলেন, বর্ষা বাদলের কারণে কাজ বন্ধ আছে। সেখানে গাড়ি ঢোকার সমস্যা। আবহাওয়া অনুকূলে আসলে আবারও কাজ শুরু হবে।


প্রকাশিত: July 22, 2026 | সময়: 4:19 am | সুমন শেখ