সর্বশেষ সংবাদ :

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামসুন্নাহার (৭৫)। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। নওগাঁর বদলগাছীর ছোট যমুনা সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ধানবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে বদলগাছী ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার মহাদেবপুর উপজেলার জন্তীগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী সদরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ছেলে সারজাদুলের মোটরসাইকেলে করে শামসুন্নাহার বদলগাছী বাইপাস ডাকবাংলো সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক বদলগাছী চৌরাস্তায় প্রবেশ করছিল। ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেয়। একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা শামসুন্নাহার ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। তখন ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করেছে। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রানা হামিদ /শামি


প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৭:১৬ অপরাহ্ণ | Daily Sunshine