বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: এবার কোরবানির ঈদ এসেছে জৈষ্ঠ্য মাসে; ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সোমবার বলেন, “ঈদের দিন দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে। “সারাদিনই মেঘলা থাকবে, সেই সাথে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে। আর ঢাকা এবং রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে উত্তরের চাইতে একটু কম থাকবে। খুলনা, বরিশাল, চিটাগাংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো কম।”
তিনি বলেন, “ঢাকার ক্ষেত্রে যদি বলেন, ২৭ তারিখ রাতে বৃষ্টি হবে। ২৮ তারিখ ঈদের দিন সকালের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আবার ২৯ তারিখের দিকে বৃষ্টিপাত হবে।” সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আকাশ মেঘলা হয়ে দিনের আলোতেই অন্ধকার নেমে আসে। বেলা পৌনে ১২টায় শুরু হয় ঝুম বৃষ্টি।
এমন বৃষ্টি চলবে কিনা জানতে চাইলে তরিফুল বলেন, “এটা হচ্ছে একটা লোকালি থান্ডার সেল ডেভেলপ করছিল উত্তরের দিকে। সেটা ক্রমান্বয়ে দক্ষিণের দিকে সরে আসছে। এটা আমাদের এলাকা ক্রস করতে সর্বোচ্চ এক ঘণ্টার মত লাগে। এই সময়ে বৃষ্টিটা হয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। এই সময়ে ফেনীতে দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৫৯, রাঙামাটিতে ৫১ ও রাজধানী ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাংগাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।