, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মন্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কের রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। এসময় আসামীদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারী চালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে তারা একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও গ্রেপ্তার ব্যক্তিরা জয়পুরহাট ও বগুড়া সহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আসামীরা গ্রেপ্তার হওযায় সড়কে ডাকাতি কমে আসবে।
পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জি সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।