বাঘায় এসএসসি পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় ৩৯ শিক্ষার্থী !

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের চরম অব্যবস্থাপনা ও অধ্যক্ষের অবহেলার কারণে ৩৯ জন এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করা হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার কেশবপুর স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মোট ৪০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজনের ফরম পূরণ সম্পন্ন হয়েছে। বাকি ৩৯ জনের ফরম এখনো পূরণ হয়নি। আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সময় দ্রুত ফুরিয়ে আসছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই ৩৯ জনের মধ্যে ৩৪ জন শিক্ষার্থীর নবম শ্রেণির রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে তাদের পরীক্ষায় অংশগ্রহণ সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। অপর দিকে, শিক্ষার্থীরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই মনে করছেন, এই সমস্যা দ্রুততার সাথে সমাধান না হলে এখানে সংঘাতের ঘটনাও ঘটতে পারে।

এ বিষয়ে কেশবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, “রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, আগামীকাল ফরম পূরণ হয়ে যাবে। কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়েছে, তা বুঝতে পারছি না। এ দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, দ্রুত বিষয়টি সমাধান হবে।”

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের বিষয়টি নিয়ে তদবির চলছে। তবে বুধবার (১৩ এপ্রিল) পর্যন্ত কোনো শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, “অধ্যক্ষ সোমবার বোর্ডে এসেছিলেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র (হার্ড কপি) সঙ্গে আনেননি। বিষয়টি গুরুত্বসহ কারে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।”

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine