সর্বশেষ সংবাদ :

আইএসএফে বাংলাদেশের যোগ দেওয়ার ইচ্ছার বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রির্পোটার: ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার ইচ্ছার বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে উলামা-জনতা ঐক্য পরিষদের রাজশাহী মহানগর। সমাবেশ থেকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর ফরহাদ। তিনি বলেন, ‘আমার সেনাবাহিনী যদি আমেরিকার হয়ে ভাড়াটে দালাল হিসেবে খাটে, আমার সেনাবাহিনী যদি ইসরাইলের পা চাটে; তবে আমরা ইনশাআল্লাহ এই ৫৬ হাজার বর্গমাইলে সেনাবাহিনীর জন্য কবর রচনা করব। আমরা সবাই হামাস যোদ্ধা হয়ে যাব। আমাদের সেনাবাহিনী গাজায় গুলি চালাবে তা মানব না।’
আব্দুল্লাহ আল মারুফ নামের আরেক বক্তা বলেন, ‘নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সুকৌশলে ইসরাইলের পক্ষ নেওয়ার জন্য কাজ করছেন। আমি সতর্ক করতে চাই। বাংলাদেশে আমেরিকার আগ্রাসনের গন্ধ পাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য কাজ করে! তুমি তো দেশেই স্থিতিশীলতা আনতে পারনি। তুমি দেশেই স্থিতিশীলতা আনতে পারনি, আর আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে যাও, আমাদের পাগল পাইছো? তিনি বলেন, ‘এই সরকারকে সতর্ক করতে চাই। হাসিনা তো ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তার নেতাকর্মীরা বর্ডার ক্রস করে ইন্ডিয়া যেতে পেরেছে। আমেরিকা বহুত দূরে। আমেরিকার সঙ্গে আমাদের বর্ডার নাই। আপনারা যদি আমেরিকার পক্ষে দালালি করেন, ইসরাইলের পক্ষে দালালি করেন; আপনারা আমেরিকা যাওয়ারও সুযোগ পাবেন না, ইনশাআল্লাহ।’ অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- আফজাল আল মাদানী, মাওলানা তানবীন ত্বকি, মো. আব্দুল্লাহ প্রমুখ। এ সময় জুলাই কাঠগড়ার মুখপাত্র শোয়েব আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬ | সময়: ১:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ