মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে মাছ ধরতে গিয়ে ছোট যমুনা নদীতে ডুবে সোহেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রাম সংলগ্ন ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল কোমারপুর গ্রামের আরমান হোসেনের ছেলে। সে স্থানীয় মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সোহেল স্কুলে প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছে। স্কুলে পরীক্ষা শেষ করে বাসায় এসে তার ছোট চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে ছোট যমুনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর খবর পায় সোহেল মাছ ধরার জাল নিয়ে নদী পার হবার সময় পানিতে ডুবে মারা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মাছ ধরার উদ্দেশ্যে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মাছ ধরা জাল নিয়ে সাঁতার কেটে পার হচ্ছিল। এক পর্যায়ে নদীর অপর প্রান্তে পৌছার আগেই সে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয়। এবং সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

রানা হামিদ /শামি


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine