সর্বশেষ সংবাদ :

প্রায় ৩ ঘন্টা পর প্রশাসন ভবন অবরোধ ছাড়লেন ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধিঃ

প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবিতে করা প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসনের সাথে বিভাগের ছাত্র প্রতিনিধিদের আলোচনা এবং বিভাগের নাম পরিবর্তনের নির্দিষ্ট সময়সূচি প্রদানের আশ্বাসের ভিত্তিতে এই কর্মসূচি তুলে নেয় তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে প্রশাসন ভবনের নীচে প্রশাসনের পক্ষ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে তারা৷ এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায় ছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্য ও ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মো: মাহমুদুল হাসান, সেক্রেটারি মো: ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, নিয়মতান্ত্রিক জটিলতার কারণে আপনাদের দাবী আদায়ে একটু সময় লেগে গেছে। ভিসি স্যারের সাথে আমার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয় এটা আমাদের সকলের। সামনে ভর্তি পরীক্ষা, আমাদের যেন ইমেজ সংকটে পড়তে না হয় সেজন্য আমি নিজে সরাসরি এসেছি । হয়তো বিভিন্ন সময় যৌক্তিক দাবিতে আমরা সহযোগিতা করেছি কিন্তু এরকম সরাসরি মিলিমিশে যাওয়ার ঘটনা খুবই কম হয়েছে। আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা প্রশাসনের সাথে বসব এবং কত দ্রুত এটি সমাধান করা যায় সেই উপায় বের করার চেষ্টা করব।

এদিন সকাল ১১ টার পর থেকে বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের দাবীতে প্রশাসন ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তনে কালক্ষেপণের প্রতিবাদে এই কর্মসূচীর ডাক দেয় তারা। এর আগে গতবছরের ২৪ নভেম্বর একই দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে এবছরের ২৬ জানুয়ারী আবারো প্রশাসন ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে আবারও আন্দোলনে নেমেছেন তারা। বারবার দাবী জানানো সত্ত্বেও প্রশাসন সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ করায় আজ তারা প্রশাসন ভবন অবরোধ করেছেন।

সানশাইন /ওয়াসিফ /শামি


প্রকাশিত: April 22, 2025 | সময়: 8:39 pm | Daily Sunshine