সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ধর্ষণের পর মাদরাসা শিক্ষার্থীকে হত্যা, অ্যাসিডে ঝলসে দিয়েছে মুখ

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: পহেলা বৈশাখে নতুন জামা পড়েছিল আর মুখে মেখেছিল নানা প্রসাধনী। এরপর প্রবাসে থাকা বাবাকে ভিডিও কলে নিজের সাজগোজ দেখিয়েছিল জুঁই (৭)। তাকে দেখে খুশি হয়েছিলেন বাবা।
বাবা-মেয়ের খুনসুঁটির পর কথা শেষ করে বিকালে বাড়ির পাশেই দাদীর (দাদীর বোন) বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় সে। এরপর থেকে আর কোনো খোঁজ ছিল না তার। মঙ্গলবার সকালে একটি ভূট্টা খেতে জুঁইয়ের বিবস্ত্র লাশ পাওয়া যায়।
জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্টেনের শিক্ষার্থী। জুঁইকে ধর্ষণের পর পরণের প্যান্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম ও বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিশুটির মা মোমেনা খাতুন কাঁদতে কাঁদতে জানান, সোমবার বিকালে জুঁই দাদীর বাড়িতে বেড়াতে যায়। দাদীর হাতে রান্না করা সেমাই খাবে এবং রাতে সেখানেই থাকবে বলেছিল। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে জুঁই ওখানে যায়নি। এরপর চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে তার দাদী বাড়ির অদুরে চাটমোহর উপজেলার রামপুর বিলের ভূট্টার জমিতে জুঁইয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে মাত্র একশ’ গজ দুরে রামপুর বিলের একটি ভূট্টা খেতে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে আছে। মুখে পোড়া ক্ষত কালো চিহ্ন। পরনের প্যান্ট গলায় পেঁচানো। যে মেয়ে নতুন জামা ও সাজুগুজু করে দিনভর হইহুল্লোড়ে মেতেছিল, যে মুখ দেখিয়েছিল বাবাকে, সেই জুঁইয়ের অ্যাসিডে পোড়ানো ক্ষতিবিক্ষত মুখ দেখে পুরো এলাকার মানুষ স্তম্ভিত হয়ে গেছে। শিশুটিকে হত্যার এমন বিভৎসতায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকাবহ পরিবেশ।
সাবেক ইউপি সদস্য আন্তাদুল ইসলাম জানান, যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে ভূট্টার গাছসহ সবকিছু স্বাভাবিক। এতে শিশুটিকে অন্য কোথাও হত্যা করে এ জমিতে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে বলেই মনে হচ্ছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, শিশুটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে, তার বাড়ি বড়াইগ্রাম উপজেলায়, লাশ উদ্ধার হয়েছে চাটমোহরের সীমানায়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, প্রাথমিক ভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং মুখ অ্যাসিডে পোড়ানো হয়েছে বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।


প্রকাশিত: April 16, 2025 | সময়: 7:02 am | সুমন শেখ