বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন অপরিহার্য। বিচার না পেয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ কুরআনের আইন থাকলে মানুষ ন্যায়বিচার পেতো। সুতরাং আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে যেতে হবে।
শুক্রবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় মাঠে ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা না হলে হিংসা বাড়ে, অনৈতিকতা ও বিশৃঙ্খলা ছড়ায়। জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। ফলে সন্ত্রাস ও চাঁদাবাজি বৃদ্ধি পায়। সামাজিক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত না হলে সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ে, সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়। ভিক্ষাবৃত্তি ও চুরি-ডাকাতি বৃদ্ধি পায়।
ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, জামায়াত নেতা ড. সেলিম রেজা খাঁন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব, মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুক্তার আলী, হাফেজ সবুজ ইসলাম ও আবু রায়হান প্রমুখ।