বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দেশসেরা বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ের প্রথম সংস্করণে এই অর্জন প্রকাশিত হয়েছে। এ র্যাংকিং নির্ধারণে বিশ্বের দুই শতাধিক দেশের ৩১ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়। ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান ১ হাজার ৪২২তম। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত র্যাংকিংয়ের প্রথম সংস্করণে রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয় আর জুলাইতে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে অবস্থান ছিল দ্বিতীয়।
রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে দেশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অধিকার করায় শিক্ষক-শিক্ষার্থী-গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য আরো বলেন, তাঁদের সম্মিলিত অবদানে এই অর্জন সম্ভব হয়েছে। নিরলস প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও তাঁরা এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।