, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের এক মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. মিলন। নগরের শাহমখদুম থানা এলাকায় তার বাড়ি। তার বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার বিকেল ৫টার দিকে মহানগরের শাহমখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করেছে।
দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরিসহ মোট ১৩টি মামলা আছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।