সর্বশেষ সংবাদ :

ইবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও টেক সেমিনার শীঘ্রই

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে অন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও টেক সেমিনার -২০২৪। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং কম্পিটিটিভ প্রোগ্রামারস ইউনিয়ন-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রোগ্রামিং প্রতিযোগীতা ও টেক সেমিনার।

 

আগামী ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি সি, সি++, জাভা এবং পাইথনের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোগ্রামিং ভাষার উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকছে ১০ হাজার টাকার সমমূল্যের পুরস্কার।

 

মূল প্রতিযোগিতার পাশাপাশি প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে একটি বিশেষ টেক সেমিনার, যেখানে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং প্রোগ্রামিং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করা হবে। সেমিনারে প্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের মূল্যবান অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন।

 

সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুরুল হক, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া এবং অধ্যাপক মো. ইব্রাহিম আব্দুল্লাহ।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে Enlight Solutions, প্ল্যাটিনাম স্পনসর Xerone IT এবং QA pro, এবং গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে Gen-Z IT।

এ বিষয়ে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হক বলেন, “শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এই উদ্যোগ চালিয়ে যেতে বদ্ধপরিকর। প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উদ্ভাবনী ও সৃজনশীল মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।


প্রকাশিত: November 20, 2024 | সময়: 6:46 pm | Daily Sunshine