বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান, বাঘা: সারাদেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের হাওয়ায় অধিকাংশ উপজেলা থেকে চেয়ারম্যান পদে এমপি-মন্ত্রী সমর্থিতরাই বেশি বিজয়ী হওয়ার খবর শোনা যাচ্ছে। যার ব্যত্যয় ঘটেনি রাজশাহীতে। এদিক থেকে আগামি ৫ জুন চতুর্থ ধাপে বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান পদে শুরু হয়েছে দুই প্রার্থীর ভোট যুদ্ধ। এদের মধ্যে শনিবার বাজার এলাকায় গণসংযোগ করেছেন গত নির্বাচনে বিজয়ী প্রার্থী অ্যাড. লায়েব উদ্দিন লাভলু এবং পাড়া-মহল্লায় ভোট চেয়েছেন রোকনুজ্জামান রিন্টু।
এলাকার লোকজন জানান, এবছর ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উন্মুক্ত ঘোষণা করায় দেশের প্রধান রাজনৈতিক ক্ষমতাসীন দল (আ’লীগ) এর মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়ছে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে। তবে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় এমপি-মন্ত্রী সমর্থিতরাই বেশি বিজয়ী হওয়ার খবর শোনা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখানে চলছে দুজন চেয়ারম্যান প্রার্থীর লড়াই।
এ উপজেলায় যে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একজন হলেন গত নির্বাচনে রাজনৈতিক মারপ্যাঁচে একক ভাবে বিজয়ী হওয়া চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। তাঁর প্রতীক মোটর সাইকেল।
তিনি গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট করেছিলেন। ফলে এবার (চতুর্থ ধাপ) আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তার বিপরীতে ভোটযুদ্ধে নেমেছেন তারই হাতে গড়া রাজনৈতিক প্রতিপক্ষ রোকনুজ্জামান রিন্টু। তাঁর প্রতীক আনারস।
বাঘার একাধিক ভোটার ও সুশীল সমাজের লোকজনের সাথে এবারের নির্বাচন নিয়ে একান্ত আলাপচারিতায় বলেন, রোকনুজ্জামান রিন্টু একজন প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য হওয়ায় নির্বাচনের মাঠে তার পাল্লা বেশ ভারি। ফলে চরম বিপাকে রয়েছেন গত নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত প্রার্থী এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
এই নির্বাচন নিয়ে শনিবার এক সাক্ষাতকারে লাভলু বলেন, বিনা ভোটে পাশ করার মধ্যে কোন আনান্দ নেই। এবার জনগণের ভোটে বিজয়ী হয়ে আনন্দ করতে চাই। আমি শুক্রবার আমার প্রতিপক্ষ রোকনুজ্জামান রিন্টুর ইউনিয়ন গড়গড়িতে গণসংযোগ করেছি। তাতে অসংখ্য মানুষ আমাকে ভোট দিবেন বলে সাড়া যুগিয়েছেন।
এসময় আমার সাথে ছিলেন বাঘা পৌর সভার মেয়র ও রাজশাহী জেলা আ’লীগের সদস্য আক্কাস আলী। আমার আত্মবিশ্বাস মানুষ যোগ্যতার বিচারে আবারও আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
অপর দিকে রোকনুজ্জামান রিন্টু বলেন, এ্যাড: লায়েব উদ্দিন লাভলু রাজনৈতিক ম্যারপ্যাঁচে গত নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হয়েও এলাকায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন দেখাতে পারেননি। এ কারণে মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে আমাকে বিজয়ী করবেন।
আমি নবীন প্রার্থী হিসাবে জনগনকে ওয়াদা দিচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে এ দেশের মুক্তিযোদ্ধারা যেমনটি বেইমানী করেনি। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোনদিনও বেইমানী করবো না। এলাকার উন্নয়নের স্বার্থে প্রয়োজনে জীবন বাজি রাখবো। শনিবার উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় ভোট চাইতে গেলে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।