সর্বশেষ সংবাদ :

ভালো দাম না পেয়ে হতাশ কৃষকরা উঠছে শীতকালীন হাইব্রিড টমেটো

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: শীতের শুরুতেই ‘রাজশাহীর টমেটো’ খ্যাত গোদাগাড়ীতে জমি থেকে উঠতে শুরু করেছে উন্নত ও আগাম জাতের শীতকালীন হাইব্রীড টমেটো। কিন্তু বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্বেও টমেটোর ভাল দাম না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। বর্তমানে গোদাগাড়ীতে মণপ্রতি কাঁচা টমেটো ১ হাজার ২শ’ টাকা দরে পাইকারী বিক্রি হচ্ছে।
বরেন্দ্র অঞ্চলর এই উপজেলা টমেটো চাষের জন্য পরিচিত এবং এখানকার কৃষকরা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এই টমেটো সরবরাহ করেন।
এ বছর বরেন্দ্র অঞ্চলে ৬ জাতের টমেটো চাষ হয়েছে। এরমধ্যে তিন জাতের আবাদ বেশি। রাজশাহী জেলায় তিন ভাগের দুই ভাগেরও বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।
গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর গোদাগাড়ী উপজেলায় দুই হাজার ৮২০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ মেট্রিকটন।
গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষী জিয়া জানান, টমেটো চাষের প্রথম দিকে ভালোই দাম পাওয়া যায় শেষের দিকে দাম অনেক কমে যায়। তিনি জানান, টমেটো ব্যবসায়ীরা মূলত বাইরের দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা ব্যাবসা করেন। এরপরে বিভিন্ন এলাকা ঘুরে টমেটো কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে। এছাড়া পরিবহন ও শ্রমিক মিলে আরো ২৫ কোটি টাকার লেনদেন হয়। টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে সবমিলে ২০০ কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। তিনি আরো জানান, টমেটো উৎপাদন মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত (চার মাস) ধরা হয়। এই অঞ্চলে টমেটো দু’বারে চাষ হয়। এরমধ্যে মাচায় গ্রীষ্মকালিন টমেটো আগে উঠে। এই টমেটোর দাম বেশী পান চাষীরা। যা বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন টমেটো শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। মৌসুমের শেষের দিকে বিক্রি হয় সর্বনিম্ন ৫ থেকে ১০ টাকায়।
উপজেলার বেজড়া এলাকার টমেটো চাষী আবুল হোসেন জানান, টমেটোর গাছে যে সময় ফুল ফল আসার কথা ছিল। ঠিক সে সময়ই গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়েছে গাছের পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ দেখা দেয় কিছু গাছ উপড়ে ফেলতে হবে। ফলে জমিতে এবার উৎপাদন কম হবে।
কৃষকরা জানান, পচনশীলতা ও সংরক্ষণের অভাবে টমেটো বেশিদিন রাখা যায় না, আর কোল্ড স্টোরেজ না থাকায় দ্রুত বিক্রি করতে হয়। তারা বলেন, সরাসরি বড় বাজারে নেওয়ার সুযোগ বা পুঁজির অভাবে অনেক কৃষক স্থানীয় পর্যায়ে কম দামে পাইকারের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ খুচরা বাজারে দাম বেশি থাকে।
ব্যাবসায়ী সুমন বলেন, প্রতি বছর টমেটোর ভরা মৌসুম ভারতীয় টমেটো আমদানি করা হয়। চলিত মৌসুমেও ভারত থেকে টমেটো আমদানি করা টমেটো বাজারে দেখা যাচ্ছে। আমদানি বন্ধ না হলে টমেটো ব্যবসায়ী ও চাষীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
জানতে চাইলে শরিয়তপুর থেকে গোদাগাড়ীতে টমেটো কিনতে আসা রুবেল নামের এক পাইকারী ক্রেতা বলেন, এবারের মৌসুমটাই খারাপ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাকা টমেটোর দাম কম থাকায় বেশি দামে কাঁচা টমেটো কিনলে সেগুলো পাকিয়ে লোকসানে পড়তে হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভারতীয় টমেটো আমদানী বন্ধ না হওয়া পর্যন্ত টমেটোর দর কম থাকবে। এ কারণে টমেটোর দাম কমে গেছে।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর