সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: ২০২৬-২০২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ,২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ, থিংক ট্যাংক, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক এবং ব্যাংকসমূহের আঞ্চলিক প্রধানগণের অংশগ্রহণে শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের উদ্যোগে মুদ্রানীতি প্রণয়নের প্রাক্কালে দ্বিতীয়বারের মতো উত্তরাঞ্চলের চাহিদা সম্পর্কে বিজ্ঞ সুধীজন ও প্রতিষ্ঠানের মতামত/পরামর্শ সংগ্রহের নিমিত্ত উক্ত মতবিনিময় সভা আয়োজিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জনাব মুহম্মদ বদিউজ্জামান দিদার। এছাড়াও, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। একটি ফলপ্রসূ মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে মুদ্রানীতির লক্ষ্য ও কৌশল নিয়ে উপস্থিত স্টেকহোল্ডারদের সাথে সভায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মহোদয় স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ মুদ্রানীতি প্রণয়ন করা। তৃণমূলের বাস্তবতাভিত্তিক মতামত ও পরামর্শ মুদ্রানীতি প্রণয়ণে সংগৃহীত তথ্য কেন্দ্রে পৌছে দিতে আজকের এই আয়োজন ফলপ্রসূ হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি রাজশাহী জেলার জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী জেলার কৃষি সম্ভাবনা অপার হওয়া সত্ত্বেও কৃষি ঋণের বিতরণ লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। তিনি উত্তরবঙ্গের জন্য ঘোষিত ৩০০০.০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিত হওয়ার জন্য অনুরোধ জানান।
সভায় প্রধান অতিথি ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান উল্লেখ করেন যে, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। তিনি বলেন, রাজশাহী অঞ্চল রেশম, আম, মৎস্যসহ কৃষির অন্যান্য খাতে উদ্বৃত্ত উৎপাদন করে আসছে। এ অঞ্চলে আয়োজিত মতবিনিময় সভার সূচিন্তিত, বাস্তবসম্মত ও কার্যকরী মতামত ২০২৬-২০২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন যে, সরকারের রাজস্বনীতির সাথে সমন্বয় রেখে একটি বাস্তবমূখি মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে উপস্থিত অংশীজনের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজসমূহ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ তাঁর বক্তব্যে দেশের অর্থনীতির বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা দেন এবং জাতীয় অর্থনীতিতে রাজশাহীর আঞ্চলিক অবদান ও সম্ভাবনার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে মূল উপস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট-এর পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন।
সভার পরবর্তী পর্যায়ে অংশীজনেরা বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। এ অঞ্চলের রেশম, মৎসচাষে বিদ্যমান সমস্যাসমূহ, নীতি সহায়তা, বেসরকারী খাতে ঋণের প্রবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত ডেপুটি গভর্নর মহোদয় গ্রহণ করেন এবং উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন।
উক্ত সভায় রাজশাহীস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ একাডেমিক দৃষ্টিকোণ থেকে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। মতবিনিময় সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শামসুর রহমান শান্তন বলেন যে, ব্যবসায়ীরা ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। নীতি সহায়তা, এক্সিট পলিসির সময়সীমা বৃদ্ধিসহ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিত কামনা করেন। পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ