, , ।
স্টাফ রিপোর্টার: আল্লাহ তাআলার অশেষ রহমতে মাত্র ৭ মাসে পবিত্র কুরআনুল কারিমের পূর্ণাঙ্গ হিফয সম্পন্ন করেছে হাফেয মো. জাহিদ জুবায়ের। তার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষকবৃন্দ, আত্মীয়-স্বজন ও তানযীমুল উম্মাহ পরিবারের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
হাফেয জাহিদ জুবায়ের নাটোর জেলার সিংড়া উপজেলার ছতর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. গোলাম রাব্বানী এবং মাতার নাম মোসা. শাকিলা জাহান (সেতু)। জানা গেছে, সে তার বংশের পাশাপাশি পুরো ছতর গ্রামের প্রথম হাফেয হিসেবে এ গৌরব অর্জন করেছে।
অল্প বয়সে এবং স্বল্প সময়ে পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করা নিঃসন্দেহে এক অনন্য অর্জন। তার এই সাফল্যের পেছনে রয়েছে একাগ্রতা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা, রাজশাহী শাখার শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান। পরিবারের সহযোগিতা ও দোয়াও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাফেজ জাহিদ জুবায়ের জানায়, সে একজন যোগ্য ইসলামিক স্কলার ও দ্বীনের একনিষ্ঠ দাঈ হতে চায়। পবিত্র কুরআন ও ইসলামের সুমহান শিক্ষা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার স্বপ্ন।
তার এই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকবৃন্দ, পরিবার, আত্মীয়স্বজন ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছে সে।
মহান আল্লাহ তাআলা হাফেয জাহিদ জুবায়েরের হিফজকে কবুল করুন, কুরআনের ওপর আমল করার তাওফিক দান করুন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। আমিন।