, , ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা, বুকভরা হাহাকার আর প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুলতা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হারিয়ে যাওয়ার প্রায় আড়াই দশক পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধান মিলেছে মিনু নামের এক নারীর। খবর পেয়ে স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে গভীর বেদনা। কারণ, হারানো মেয়েকে ফিরে পাওয়ার মাত্র এক সপ্তাহ আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন মিনুর বাবা। ২০০২ সালে নিজ বাড়ি থেকে হারিয়ে যান বরিশালের মিনু। এরপর বছরের পর বছর ধরে স্বজনরা তাকে খুঁজেছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো সন্ধান। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মনে আশা-নিরাশার দোলাচল চলেছে। কিন্তু হারানো বোনকে ফিরে পাওয়ার স্বপ্ন কখনো পুরোপুরি মুছে যায়নি।
অবশেষে সেই স্বপ্নের বাস্তব রূপ মেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় চার মাস আগে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন আলেয়া বেগম। মানবিক দায়িত্ববোধ থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। শুরু করেন তার চিকিৎসার ব্যবস্থা।
আলেয়া বেগম জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মিনুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। একপর্যায়ে মিনু নিজের বাড়ির ঠিকানা ও পরিবারের পরিচয় জানাতে সক্ষম হন। এরপর তিনি হাসপাতালের সামনে থাকা পুলিশ বক্সে বিষয়টি জানান। তবে দীর্ঘ সময়েও পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বিষয়টি সাংবাদিক আবুল কালাম আজাদকে জানান আলেয়া বেগম। তার উদ্যোগে বরিশালের কোতোয়ালি থানা এলাকার মাধ্যমে মিনুর পরিবারের খোঁজ পাওয়া যায়। দীর্ঘ ২৫ বছর পর অবশেষে স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় মিনুর।
জানা গেছে, মিনু বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্দ্রমোহন (চর) গ্রামের মগরব আলীর মেয়ে। তার মায়ের নাম বিলকিস বেগম। ছয় ভাইয়ের মধ্যে বাবুল, হাবুল, খলিল, জলিল, জামাল ও কামাল তার ভাই। পরিবারের তৃতীয় সন্তান মিনু।
দীর্ঘদিন পর বোনের সন্ধান পেয়ে আবেগাপ্লুত মিনুর ভাই জলিল আলী। তিনি বলেন, “প্রায় ২৫ বছর পর আমরা আমাদের আদরের বোন মিনুর সন্ধান পেয়েছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের আনন্দের শেষ নেই। কিন্তু সবচেয়ে বেশি আফসোস হচ্ছে, গত শুক্রবার আমাদের বাবা মারা গেছেন। বাবা যদি আর মাত্র একটি সপ্তাহ বেঁচে থাকতেন, তাহলে অন্তত মৃত্যুর আগে একবার মেয়েকে দেখে যেতে পারতেন। এই কষ্ট কোনো দিন ভুলতে পারব না।” একদিকে হারানো বোনকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে বাবার শেষ ইচ্ছা পূরণ না হওয়ার বেদনা—সব মিলিয়ে মিনুর পরিবারে এখন মিশে আছে হাসি-কান্নার অনুভূতি।
২৫ বছর আগে যে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন মিনু, দীর্ঘ সময় পর সেই পরিবারের কাছে ফিরে আসার অপেক্ষায় তিনি। তার ফিরে আসার পেছনে আলেয়া বেগমের মানবিকতা এবং সাংবাদিক আবুল কালাম আজাদের উদ্যোগ হয়ে থাকবে এক অনন্য দৃষ্টান্ত। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা আর দায়িত্ববোধ যে হারিয়ে যাওয়া সম্পর্ককেও আবার ফিরিয়ে আনতে পারে, মিনুর ফিরে পাওয়ার ঘটনা যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।